মোঃ আবু সাইদ শওকত আলী ,
খুলনা বিভাগীয় প্রধানঃ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথম প্রহরে ঝিনাইদহে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জেলার সর্বস্তরের জনতা। প্রথম প্রহরেই জেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নেমে আসে নীরবতার আবহ। ভেসে ওঠে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গান।
রাত ১২ টা ১ মিনিটে শহীদ মিনারে রাষ্ট্রের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করে জেলা প্রশাসন। এ সময় জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমানসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে পুলিশ বিভাগের পক্ষ থেকে পুলিশ সুপার মাফফুজ আফজাল, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি, ঝিনাইদহ প্রেসক্লাব সভাপতি আসিফ ইকবাল মাখন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শিপলু জামান,সাধারণ সম্পাদক রাজিব হাসান সহ সরকারি-বেসরকারি নানা সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এর আগে শহরের বিভিন্ন স্থান থেকে র্যালি, শোভাযাত্রাসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা শহীদ মিনারের পাদদেশে উপস্থিত হন। অপরদিকে রাত ১২ টা ১ মিনিটে সদর উপজেলার বিষয়খালী শহীদ মোস্তফা স্কুল এন্ড কলেজ মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারে মহারাজপুর ইউনিয়ন বাসীর পক্ষে পুষ্পমাল্য অর্পণ করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খুরশিদ আলম মিয়া, ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাজাহান আলী, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন সহ সরকারি-বেসরকারি নানা সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এছাড়াও শৈলকুপা, হরিণাকুন্ডু, মহেশপুর ও কালীগঞ্জ উপজেলা প্রশাসন, উপজেলা সাংবাদিক সংগঠন, উপজেলা বিএনপি, উপজেলা জামায়াতে ইসলামী সহ সরকারি-বেসরকারি নানা সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।
