মোঃ আমিরুল ইসলাম :
আজ শুক্রবার তিন দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সফরসূচি অনুযায়ী, ২০ ফেব্রুয়ারি দুপুর ২টা ৩০ মিনিটে রাজধানীর মিন্টু রোডের বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর উদ্দেশ্যে রওনা হবেন সিইসি। বিকেল ৩টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর (BG 437) একটি ফ্লাইটে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি। বিকেল ৫টায় কক্সবাজার বিমানবন্দর-এ পৌঁছানোর পর সার্কিট হাউজে অবস্থান ও রাত্রিযাপন করবেন।
সফরের দ্বিতীয় দিন, ২১ ফেব্রুয়ারি (শনিবার) সকাল ৯টায় কক্সবাজার থেকে পেকুয়া উপজেলার মগনামা ঘাট হয়ে কুতুবদিয়া উপজেলা-র উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। সেখানে তিনি তাঁর পিতা-মাতার কবর জিয়ারত করবেন। জিয়ারত শেষে দুপুর ২টা ৩০ মিনিটে পুনরায় মগনামা ঘাট হয়ে কক্সবাজার সার্কিট হাউজে ফিরে রাত্রিযাপন করবেন।
সফরের শেষ দিন, ২২ ফেব্রুয়ারি (রবিবার) বেলা ১১টা ৪৫ মিনিটে কক্সবাজার বিমানবন্দর থেকে এয়ার অ্যাস্ট্রা-র (2A 444) একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন সিইসি। দুপুর ২টা ৪৫ মিনিটে তাঁর আগারগাঁওস্থ নির্বাচন কমিশন সচিবালয়ে পৌঁছানোর কথা রয়েছে।
