নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র সংখ্যাগরিষ্ঠতা অর্জন ও এককভাবে সরকার গঠন করায় জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর শিক্ষকবৃন্দের সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম (এনটিএফ) এর পক্ষ হতে নবগঠিত সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান এবং সকল সংসদ সদস্যদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) এনটিএফ-এর সভাপতি শেখ মুহাম্মদ মুজাহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম এক যৌথ বিবৃতিতে বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর দেশের সাধারণ জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে সক্ষম হয়েছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিএনপি সরকার গঠন করে। আমরা আশা করি, নতুন সরকার জনগণের ভোটাধিকার ও আস্থার মর্যাদা রক্ষা করে দেশকে উন্নয়ন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, ন্যায়বিচার ও সুশাসনের পথে এগিয়ে নেবে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের রাজনৈতিক প্রজ্ঞা ও নেতৃত্বে জাতীয় স্বার্থ সংরক্ষণ, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত হবে-এমনটাই আমাদের প্রত্যাশা।
আমরা বিশ্বাস করি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, মানবাধিকার এবং জাতীয় ঐক্য জোরদারে নতুন সরকার কার্যকর ও জনবান্ধব পদক্ষেপ গ্রহণ করবে। দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ শক্তিশালী করতে গঠনমূলক উদ্যোগে আমরা সহযোগিতার মনোভাব পোষণ করি। জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম মনে করে, দেশের বর্তমান অর্থনৈতিক সংকট মোকাবিলায় নতুন সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, দেশী-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, এবং রাষ্ট্রকাঠামো মেরামতের মাধ্যমে একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র গঠন করতে সক্ষম হবে।
আমরা মনে করি, ধ্বংস প্রায় শিক্ষার গুণমান উন্নয়ন ও শিক্ষার পরিবেশ উন্নয়ন করে দেশের শিক্ষাব্যবস্থার হারানো গৌরব ফিরিয়ে আনতে সক্ষম হবে। পাশাপাশি, শিক্ষকদের পেশাগত মর্যাদা রক্ষা, গবেষণা ও বাস্তবভিত্তিক শিক্ষাব্যবস্থা বাস্তবায়নে এই সরকার অগ্রাধিকার দেবে। নবগঠিত সরকার বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল ঐতিহ্য ফিরিয়ে আনতে সবসময় আমাদের পাশে থাকবে বলে বিশ্বাস করি।
অবশেষে, জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম (এনটিএফ) প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর মন্ত্রিসভার সকল সদস্যের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং উত্তরোত্তর সাফল্য কামনা করছে এবং এই সরকার একটি উন্নত, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে সক্ষম হবে। একই সঙ্গে আমরা আরও আশাবাদ ব্যক্ত করছি যে, নবগঠিত সরকার বিরোধী দল ও মতের প্রতি গণতান্ত্রিক সহনশীলতা প্রদর্শন করবে এবং মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করবে।
