মোঃ হোসেন আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার জালশুকা গ্রামে মেলা অনুষ্ঠিত হয় প্রতিবছর।
খাউড়া মেলার প্রধান আকর্ষণ মাছ, মেলায় পাওয়া যায় বিভিন্ন প্রজাতির বড় মাছ। মাছগুলো প্রথমে ভোর বেলায় মেলায় স্থাপিত অস্থায়ী আড়ৎগুলোতে এসে জমা হয়। সেখান থেকে খুচরা ব্যবসায়ীরা মাছগুলো কিনে মেলার নিজ নিজ দোকানে নিয়ে যায়।
দোকানগুলোতে দিনভর কেনাকাটা চলতে থাকে। মেলা উপলক্ষ্যে বিক্রি উদ্দেশ্যে অনেকগুলো গরু, মহিষ, ছাগল জবাই করা হয়।
মেলায় আসা বিভিন্ন প্রজাতির মাছের মধ্যে উল্লেখযোগ্য হলো রুই, কাতলা, মৃগেল, বোয়াল, সিলভার কার্প, কালবাউশ, পাঙ্গাস মাছ ইত্যাদি। মেলায় সবচেয়ে বেশি বিক্রি হয় ‘বাঘা আইড়’ মাছ স্থানীয় ভাবে যাকে ‘বাগাইড়’ মাছ বলা হয়। মেলায় দুই মণ থেকে আড়াই মণ ওজনের বাঘা আইড় পাওয়া যায়। তবে, সরকারি নিষেধাজ্ঞার কারণে ‘মহাবিপন্ন’ প্রজাতি হিসেবে ঘোষিত ‘বাঘা আইড়’ মাছের কেনাবেচা মেলায় বন্ধ রয়েছে। তবুও কখন-কখন মেলায় বাঘাইর মাছ উঠতে দেখা যায়। এছাড়া পনের থেকে বিশ কেজি ওজনের রুই, কাতলা, পাঙ্গাস মাছ পাওয়া যায়।
প্রতিবছর বড় বড় মাছ কিনতে বগুড়া শহর থেকে অনেকেই ভিড় জমায় খাউড়া মেলায়।
মেলাকে ঘিরে উৎসবে মেতে উঠেছে উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের জালশুকা, চান্দাই, শেরকোল, চাঁচাইতারা, মাদলা, সুজাবাদ, বোহাইল, মোস্তাইল, দুবলাগাড়ী, চোপীনগরসহ আশপাশ এলাকার প্রতিটি বাড়ি।
