মোঃ রাসেল আহমেদ, মদন (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার মদন পৌর শহরে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় প্রদীপ নাগ (১৩) নামের এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত প্রদীপ নাগ জাহাঙ্গীরপুর কেন্দ্রীয় বাজারের জয় মা মিষ্টান্ন ভান্ডারের মালিক সুজন নাগের ছেলে। তিনি মদন পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং জাহাঙ্গীরপুর তাহুরা আমীন পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকাল পৌনে পাঁচটার দিকে মদন-কেন্দুয়া সড়কের পাশে নিজ বাসা থেকে দোকানের উদ্দেশ্যে বের হলে বাসার সামনেই একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. নয়ন ঘোষ তাকে মৃত ঘোষণা করেন।
প্রতিবেশী রূপণ দাস জানান, দুর্ঘটনাস্থলে এর আগেও একাধিক দুর্ঘটনা ঘটেছে। এলাকাবাসীর পক্ষ থেকে সেখানে দ্রুত স্পিড ব্রেকার স্থাপনের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানানো হয়েছে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান বলেন, দুর্ঘটনার বিষয়ে পুলিশ অবগত রয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
