রওশন বাবু,বিশেষ প্রতিনিধিঃ
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা-এ উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে গোপনে ভিডিও ধারণের অভিযোগে এক প্রধান শিক্ষককে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অভিযোগ অনুযায়ী, উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহম্মদ-এর কক্ষে অবস্থানকালে উম্মে মাহাবুবা সোমা নামে এক প্রধান শিক্ষক মোবাইল ফোনে গোপন ভিডিও ধারণ করেন। বিষয়টি টের পেয়ে সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে তাকে ইউএনও’র কক্ষ থেকেই আটক করা হয়।
আটককৃত উম্মে মাহাবুবা সোমা সাতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।
উপজেলা পরিষদের সিএ আনোয়ার হোসেন বাদী হয়ে থানায় একটি জিডি করেছেন বলে নিশ্চিত করেছেন সরোয়ার হোসেন, অফিসার ইনচার্জ, পলাশবাড়ী থানা।
উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহম্মদ জানান, তার বিরুদ্ধে থানায় প্রাথমিক জিডি করা হয়েছে এবং সংশ্লিষ্ট মোবাইল ফোন জব্দের জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তীতে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলেও তিনি জানান।
