মোঃ রাসেল আহমেদ | নেত্রকোণা প্রতিনিধিঃ
নেত্রকোণা পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই আরিফুল ইসলাম সরদার স্বচ্ছতা, জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করে একটি জনবান্ধব পৌরসভা গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দায়িত্ব নেওয়ার পরপরই তিনি পৌরসভার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় শুরু করেন, যার মাধ্যমে তার নিরহংকার, মানবিক ও সদালাপী ব্যক্তিত্বের পরিচয় পেয়েছেন স্থানীয়রা।
সরকারের উন্নয়ন এজেন্ডা বাস্তবায়নের পাশাপাশি সমাজের সার্বিক কল্যাণে তিনি নিয়মিত কাজ করছেন। ইতোমধ্যে প্রশাসক ও তার টিম পৌর এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের মাধ্যমে ব্যাপক সুনাম অর্জন করেছে। পৌরসভার বাসিন্দারা কোনো সেবা পেতে বিলম্বিত হলে সরাসরি প্রশাসকের মোবাইল নম্বরে অভিযোগ জানানোর সুযোগ পাচ্ছেন, যা সাধারণ মানুষের আস্থা বৃদ্ধি করেছে।
১ জানুয়ারি ১৯৮৩ সালে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার শুক্তা গ্রামে জন্মগ্রহণ করেন আরিফুল ইসলাম সরদার। তার পিতা আ.স.ম মঈনুদ্দিন সরদার এবং মাতা মমতাজ বেগম। তিনি যশোর জিলা স্কুল থেকে এসএসসি এবং যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স শেষ করে ২৯তম বিসিএস প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হন।
২০১১ সালে কুমিল্লা জেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারী কমিশনার) হিসেবে চাকরি জীবন শুরু করেন। পরে হাটহাজারী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি), নোয়াখালী সদর উপজেলায় ৩ বছর ৩ মাস উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৯ সালে চট্টগ্রাম বিভাগে প্রাথমিক শিক্ষা পদকে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হন। পরবর্তীতে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন প্রকল্পে সুনামের সঙ্গে কাজ করেন। ৭ জানুয়ারি ২০২৫ সালে নেত্রকোণা জেলা প্রশাসক কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হিসেবে যোগদান করেন এবং অতিরিক্ত দায়িত্ব হিসেবে নেত্রকোণা পৌর প্রশাসকের দায়িত্ব পালন করছেন।
ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। তার সহধর্মিণী মিথিলা জাহান নীপা নেত্রকোণা জেলা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত।
নেত্রকোণা পৌরসভাকে আধুনিক ও জনবান্ধব নগরীতে রূপ দিতে তিনি বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—
সাতপাই সরকারি কলেজ থেকে রেলক্রসিং পর্যন্ত আরসিসি রাস্তা নির্মাণ
নিউটাউন পুকুরপাড়, বারহাট্টা রোড থেকে রাজুর বাজার, মোক্তারপাড়া মেইন রোড ও সদর হাসপাতাল সড়ক উন্নয়ন
গজিনপুর মার্কাস থেকে পুকুরিয়া পর্যন্ত রাস্তা নির্মাণ
পৌর এলাকার বিভিন্ন ব্রিজ সংস্কার ও রংকরণ
ধলাই নদী সংস্কার ও দুটি বড় সাঁকো নির্মাণ
বড় বাজার থেকে পৌরসভা পর্যন্ত রাস্তা সংস্কার
পৌর ভবনের সৌন্দর্যবর্ধন
বিভিন্ন এলাকায় প্রায় ৪ কিলোমিটার বিদ্যুৎ লাইন সম্প্রসারণ
বিভিন্ন ওয়ার্ডে সিসি রাস্তা ও ড্রেন নির্মাণ
১৩টি ডাস্টবিন স্থাপন
টিআর কর্মসূচির আওতায় রাস্তা সলিং
বকেয়া বিদ্যুৎ বিল (৫৫ লক্ষ ৫১ হাজার ৫০৯ টাকা) পরিশোধ
রাস্তার রোড লাইন সম্প্রসারণ ও পুরাতন তার পরিবর্তন
সচেতন মহলের মতে, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামতের ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ এই পৌরসভায় নতুন উদ্যোগ, যা সরকারি কাজের প্রতি মানুষের আগ্রহ ও দায়িত্ববোধ বাড়াবে।
পৌরসভার অফিস কক্ষে প্রতিদিন অসংখ্য মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে আসেন। প্রশাসক আরিফুল ইসলাম সরদার ধৈর্যের সঙ্গে তাদের কথা শুনে সমাধানের চেষ্টা করেন। তিনি নেত্রকোণা পৌরসভাকে দেশের একটি মডেল পৌরসভায় রূপান্তর করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
