নিজস্ব সংবাদদাতা ,মাইনুল ইসলাম ইমনঃ
কেন্দুয়া (নেত্রকোনা):
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের নওপাড়া এলাকায় জমি মাপজোককে কেন্দ্র করে বসতবাড়িতে হামলা, ভাঙচুর, শ্লীলতাহানি ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ঘটনার পাঁচ দিন পার হলেও পুলিশি তদন্ত শুরু না হওয়ায় ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১১ ফেব্রুয়ারি ২০২৬ ইংরেজি , বুধবার সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে নওপাড়া গ্রামের বাসিন্দা মোঃ আল মামুন (৩৫), পিতা- নুরুল ইসলাম, নিজ বাড়ির সংলগ্ন ক্রয়কৃত জমি আমিন দ্বারা মাপজোক করতে গেলে বিবাদীপক্ষ বাধা প্রদান করে। পরে তিনি বাড়িতে ফিরে আসেন।
এ সময় অভিযুক্ত মোঃ সুমন মিয়া (২২), মোঃ শফিকুল (৩৫), শুভা রানী (৪০) ও আব্দুল মন্নাক (৬০) সহ আরও কয়েকজন একত্রিত হয়ে লাঠিসোটা নিয়ে আল মামুনের বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে হামলা চালায় বলে অভিযোগ করা হয়।
ভুক্তভোগীর দাবি, হামলাকারীরা তার স্ত্রীকে মারধর করে শ্লীলতাহানির চেষ্টা করে এবং তাকে রক্ষা করতে গেলে তাকেও এলোপাতাড়ি পিটিয়ে আহত করা হয়। একপর্যায়ে তাদের উঠানে ফেলে রাখা হয়।
এছাড়া অভিযুক্তরা ঘরে প্রবেশ করে জমি বিক্রির নগদ ১ লাখ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায় এবং বসতঘরের দরজা ভাঙচুর করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
হামলার সময় ভুক্তভোগীরা চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে। যাওয়ার সময় প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে জানান আল মামুন।
ঘটনার পর আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র সংগ্রহের পর থানায় অভিযোগ দায়ের করা হলেও ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত কোনো তদন্ত বা দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, “নির্বাচনের পর বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।”
ভুক্তভোগী পরিবার বলছে, “আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা না নিলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।”
এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার।
