মো : গোলাম মোস্তফাঃ
প্রথমবারের মতো মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হচ্ছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে এই শপথ অনুষ্ঠান হবে। একই দিন সকালে শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
রীতি অনুযায়ী মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হয় বঙ্গভবনের দরবার হলেও। এবার সেই ধারাবাহিকতায় সেখানে শপথ অনুষ্ঠান হচ্ছে না।
সরকারি একটি সূত্র জানায়, ১৭ ফেব্রুয়ারি সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ব্যক্তিদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। একই দিন বিকেলে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি।
গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। শুক্রবার রাতে নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে গণভোটের গেজেটও প্রকাশ করা হয়েছে। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এই গেজেট জারি করেন। ইতিমধ্যে জাতীয় সংসদ সচিবালয় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান আয়োজনের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণের পর বেসরকারি ফলাফল ঘোষণা করে ইসি। সারা দেশ থেকে আসা বিজয়ীদের চূড়ান্ত তালিকা ঘোষণা শুক্রবার দুপুরে শেষ হয়।
নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হয়। উচ্চ আদালতের নির্দেশনা থাকায় চট্টগ্রাম-২ ও ৪ আসনের ফলাফলের গেজেট এখন জারি করা হয়নি।
নির্বাচনে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯টিতে জয় পেয়েছে। ফল ঘোষণা স্থগিত থাকা দুটি আসনেও বিএনপির প্রার্থীরা এগিয়ে আছেন। তাদের শরিকেরা পেয়েছে তিনটি আসন। অন্যদিকে জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের অন্য শরিকেরা পেয়েছে ৯টি আসন।
