আরমান হোসেন রাজু,
লালমনিরহাটের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান নর্থ বেঙ্গল গেস্ট হাউজ জোরপূর্বক দখলের অভিযোগে অভিযুক্ত আরমান উদ্দিন আহমেদ টুলু (৫৫) মামলা দায়েরের পর থেকেই আত্মগোপনে রয়েছেন। আদালতের নির্দেশে থানায় মামলা রেকর্ড হওয়ার পর থেকেই তাকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ।
অভিযোগ রয়েছে, গত ২৮ জানুয়ারি রাতে টুলু দলবল নিয়ে বন্ধ থাকা গেস্ট হাউজে গিয়ে জোরপূর্বক তালা লাগান। পরে ১ ফেব্রুয়ারি রাতে ভাড়াটে সন্ত্রাসীদের নিয়ে আগের তালা ভেঙে প্রতিষ্ঠানটি দখলে নেন। এ সময় ভেতরে থাকা মূল্যবান এসি, টেলিভিশন, কম্পিউটার, ল্যাপটপসহ বিভিন্ন আসবাবপত্র সরিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে।
ঘটনার পর প্রতিষ্ঠানের ম্যানেজার মুকুট চন্দ্র মোহন্ত আদালতের আশ্রয় নেন। আদালত দলিলপত্র পর্যালোচনা করে অভিযোগটি মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দিলে ১৪ ফেব্রুয়ারি লালমনিরহাট সদর থানায় মামলাটি রেকর্ড করা হয়। মামলায় টুলুসহ ৮-১০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।
জানা গেছে, শহরের মোগলহাট রেলগেট এলাকায় প্রায় ১৩ শতাংশ জমির ওপর নির্মিত পাঁচতলা ভবনটির মালিক ছিলেন প্রয়াত এবিএম শরীফ উদ্দিন। তার মৃত্যুর পর মালিকানা স্ত্রী ও দুই মেয়ের কাছে হস্তান্তরিত হয়। পরিবার সূত্রে দাবি, ভাই হিসেবে টুলু ১০ শতাংশ অংশের মালিকানা পেলেও পুরো প্রতিষ্ঠান দখলের চেষ্টা চালান। আদালতে সুবিধা করতে না পেরে জোরপূর্বক দখলের পথ বেছে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
ম্যানেজার মুকুট চন্দ্র মোহন্ত দাবি করেন, মূল মালিক তাকে পাওয়ার অব অ্যাটর্নি প্রদান করেছেন এবং আদালত কাগজপত্র যাচাই করে অভিযোগ গ্রহণ করেছেন। মালিকপক্ষ আইনগত অংশ দেওয়ার প্রস্তাব দিলেও টুলু পুরো মালিকানা দাবি করে আসছিলেন বলেও জানান তিনি।
এদিকে মামলার পর থেকেই টুলুর ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ রয়েছে। একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
মামলার তদন্তকারী কর্মকর্তা লালমনিরহাট সদর থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল আলম জানিয়েছেন, “অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
