মালিকুজ্জামান কাকা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সহিংসতায় যশোরের ৬টি সংসদীয় এলাকায় অন্তত ৩০টি হামলায় জামায়াতের অর্ধশতাধিক কর্মী, সমর্থক আহত ও বাড়িঘর ভাংচুরের অভিযোগ করেছে জেলা জামায়াত। এসময় তারা দাবি করেন বিএনপি ক্যাডাদের তাড়া খেয়ে অনেক দাঁড়িপাল্লা মার্কার নেতা কর্মী এলাকা ছাড়া রয়েছেন।
১৩ ফেব্রুয়ারী শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন যশোরের পাঁচটি আসনে নবনির্বাচিত সংসদ সদস্য। জেলা জামায়াতের আয়োজনে এই সংবাদ সম্মেলনে বক্তব্য দেন, জেলা জামায়াতের আমির যশোর-৪ আসন থেকে নির্বাচিত এমপি অধ্যাপক মো. গোলাম রসুল, যশোর-১ (শার্শা) আসনে নির্বাচিত জামায়াতের এমপি মাওলানা আজিজুর রহমান, যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে নির্বাচিত জামায়াতে ইসলামীর এমপি ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, যশোর-৫ (মণিরামপুর) আসনে নির্বাচিত জামায়াতে ইসলামীর এমপি গাজী এনামুল হক ও যশোর-৬ (কেশবপুর) আসনে নির্বাচিত জামায়াতে ইসলামীর এমপি অধ্যাপক মোক্তার আলী।
এছাড়াও যশোর-৩ (সদর) আসনে জামায়াতের পরাজিত প্রার্থী আব্দুল কাদেরও বক্তব্য দেন। তারা নিজ নিজ এলাকার সহিংসতার চিত্র তুলে ধরেন। তারা বলেন এটি একটি আশাহত বাস্তব চিত্র।
