স্টাফ রিপোর্টার,ঢাকা বিভাগীয় প্রধান ও কূটনৈতিক সংবাদদাতাঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে ফরিদপুর–৩ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সাবেক জেলা আমির প্রফেসর আবদুত তাওয়াব একটি সংক্ষিপ্ত উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেছেন।
তিনি বলেন, নির্বাচিত হলে ফরিদপুরকে আধুনিক, পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও নাগরিকবান্ধব জেলায় রূপান্তর করা হবে। শিক্ষা খাতে উন্নত সরকারি মাদ্রাসা ও ইসলামিক গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা, জাতীয়ভাবে বিনামূল্যে শিক্ষার আইন প্রণয়নে ভূমিকা রাখা এবং ফরিদপুর মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে।
স্বাস্থ্যসেবায় বিশেষায়িত ক্যান্সার হাসপাতাল স্থাপন, ফরিদপুর সদর হাসপাতালের আধুনিকায়ন এবং কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতের মাধ্যমে আধুনিক কৃষি অঞ্চল গঠনের কথাও জানান তিনি।
পাশাপাশি পদ্মা চরাঞ্চলের যোগাযোগ উন্নয়ন, কুমার নদী খনন ও জলাবদ্ধতা নিরসনের পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন, নারী-পুরুষের নিরাপত্তা নিশ্চিতকরণ, শিল্পাঞ্চল গড়ে তুলে কর্মসংস্থান সৃষ্টি এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করাই হবে তার অগ্রাধিকার।
প্রফেসর তাওয়াব আশাবাদ ব্যক্ত করেন, জনগণের সমর্থন পেলে ফরিদপুরকে একটি উন্নত ও সম্ভাবনাময় জেলায় রূপান্তর করা সম্ভব হবে।
