মোঃ রাসেল আহমেদ, নেত্রকোনা প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুড়ী) আসনে ভূমিধ্বস বিজয় অর্জন করেছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী জনাব লুৎফুজ্জামান বাবর। বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী তিনি মোট ১,৬০,৩৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী জনাব আল হেলাল তালুকদার পেয়েছেন ৩৯,৩০৯ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ১,২১,০৪২, যা এ আসনের সাম্প্রতিক সময়ে অন্যতম বড় ব্যবধান হিসেবে বিবেচিত হচ্ছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নেত্রকোনা-৪ আসনে মোট ভোটার সংখ্যা ৩,৭৫,৩০৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৯০,৬১৩ জন, নারী ভোটার ১,৮৪,৬৮২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৩ জন। এ আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১৪৯টি। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং ভোটার উপস্থিতি ছিল সন্তোষজনক।
ভোটের দিন মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুড়ী উপজেলার বিভিন্ন কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ভোটগ্রহণ সম্পন্ন হয়। বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থী লুৎফুজ্জামান বাবরের সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল ও সমাবেশ করতে দেখা গেছে নেতাকর্মীদের।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ব্যাপক ভোট ব্যবধানে এই বিজয় আগামী দিনের রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
