মোঃ রাসেল আহমেদ,
নেত্রকোণা প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে নেত্রকোণা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোটকেন্দ্রসমূহ সরেজমিন পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জনাব মোঃ সাইফুর রহমান এবং নেত্রকোণা জেলার পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম।
পরিদর্শনকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ, ঝুঁকিপূর্ণ ও সাধারণ ভোটকেন্দ্র ঘুরে দেখেন। এ সময় তাঁরা কেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা, সিসিটিভি ক্যামেরার কার্যকারিতা, আইনশৃঙ্খলা বাহিনীর মোতায়েন পরিকল্পনা, স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিমের প্রস্তুতি, ভোটারদের প্রবেশ ও বের হওয়ার পথ, নারী ও প্রতিবন্ধী ভোটারদের জন্য বিশেষ ব্যবস্থা এবং সার্বিক শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
তাঁরা দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় করে নির্বাচনকালীন সময়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন, যেকোনো অনিয়ম বা বিশৃঙ্খলার চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা এবং ভোটারদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জেলা প্রশাসক ও পুলিশ সুপার সকলকে নির্ভয়ে, স্বাধীনভাবে ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। তাঁরা আশ্বাস দেন, নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা, ভয়ভীতি বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেলা প্রশাসন ও জেলা পুলিশ সূত্রে জানা যায়, নির্বাচনের দিন পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ নজরদারি জোরদার করা হবে। পাশাপাশি সার্বক্ষণিক মনিটরিংয়ের মাধ্যমে জেলার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হবে।
জেলা প্রশাসন আশা প্রকাশ করে, সকলের সম্মিলিত সহযোগিতায় নেত্রকোণায় একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।
