মোঃ নাহিদ ইসলাম (জয়) ক্রাইম রিপোর্টার নাটোরঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নাটোর জেলায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আসমা শাহীন। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে বলেও তিনি জানান।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে তিনটায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে আসমা শাহীন জানান, জেলার চারটি সংসদীয় আসনের ৫৬৬টি ভোটকেন্দ্রে ইতোমধ্যে নির্বাচনি সরঞ্জাম বিতরণ করা হয়েছে। সকাল ১০টা থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা বিভিন্ন কেন্দ্রের উদ্দেশ্যে ব্যালট বাক্স ও প্রয়োজনীয় সামগ্রী পাঠান। এর মধ্যে নাটোর সদর উপজেলা পরিষদ থেকে ১০৫টি কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম প্রেরণ করা হয়।
নির্বাচনি সরঞ্জাম বিতরণকালে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। যৌথ বাহিনীর কড়া নিরাপত্তায় কেন্দ্রগুলোতে সামগ্রী পৌঁছে দেওয়া হয়। এর আগে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা, পোলিং কর্মকর্তা, আনসার ও পুলিশ সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। নির্বাচনকালীন যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, নাটোরের সাতটি উপজেলার চারটি আসনে মোট ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় মোট ভোটার সংখ্যা ১৫ লাখ ৪৭ হাজার ২০৬ জন। নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন করছেন ১ হাজার ৫০ জন সেনাসদস্য, ১ হাজার ৩১৪ জন পুলিশ, ৪৯ জন র্যাব সদস্য এবং ৭ হাজার ৪৮৭ জন আনসার সদস্য।
তিনি আরও বলেন, সাধারণ ভোটাররা যাতে নির্ভয়ে ও শান্তিপূর্ণ পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সে লক্ষ্যে প্রচারণা চালানো হচ্ছে। ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন। সব ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে বলে তিনি জানান।
