মোঃ সাইফুল ইসলাম, আশুগঞ্জ প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসনে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। বিএনপি নেতৃত্বাধীন জোট, স্বতন্ত্র প্রার্থী, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট, জাতীয় পার্টিসহ একাধিক রাজনৈতিক দলের অংশগ্রহণে আসনটি এখন বহুমুখী প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্রে পরিণত হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সরাইল উপজেলার ৯টি ইউনিয়ন, আশুগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়ন এবং বিজয়নগর উপজেলার ২টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯৯ হাজার ৪৪৮ জন।
বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি আল্লামা জুনায়েদ আল হাবিব। অপরদিকে বিএনপি থেকে বহিষ্কৃত কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে শক্ত অবস্থান ধরে রেখেছেন।
নির্বাচনের শেষ মুহূর্তে প্রচার-প্রচারণায় ভোটারদের মধ্যে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। প্রার্থীরা ভোটারদের মন জয় করতে পথসভা, জনসভা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। নানা প্রতিশ্রুতি দিলেও ভোটারদের বড় একটি অংশ বলছে—এবার প্রতীক নয়, সৎ ও যোগ্য প্রার্থীকে বেছে নিতেই তারা আগ্রহী।
জনমত জরিপ ও স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই আসনের ভোটে যুক্ত হয়েছে ভিন্ন মাত্রা। সাধারণ ভোটাররা উন্নয়ন, সততা ও ব্যক্তিগত যোগ্যতাকে অগ্রাধিকার দিতে চান। আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিতব্য নির্বাচনে এই আসনের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
এই আসনে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন—
আল্লামা জুনায়েদ আল হাবিব (খেজুর গাছ),
আশরাফ উদ্দিন, এনসিপি (শাপলা কলি),
ব্যারিস্টার রুমিন ফারহানা (হাঁস),
মোঃ জিয়াউল হক মৃধা, জাতীয় পার্টি (লাঙ্গল) তিনি নির্বাচন থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বলে জানা যায়।
তৈমুর রেজা মোঃ শাহজাদ, জাসদ (তারা),
শরীফা আক্তার, আমজনতা পার্টি (প্রজাপতি),
মোঃ মাঈন উদ্দিন, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ (আপেল),
নেছার আহমাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা)
এবং এস এন তরুণ দে’ (কলার ছড়ি)
প্রচার-প্রচারণা ও জনসম্পৃক্ততায় স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা এগিয়ে রয়েছেন বলে মনে করছেন সাধারণ ভোটাররা। আশুগঞ্জের আড়াইসিধা, তালশহর নাওঘাট, তারুয়া, শরীফপুর, লালপুর, চর চারতলা গ্রামসহ বিভিন্ন এলাকায় তাঁর সমর্থনে একাধিক সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এদিকে প্রার্থীদের জনপ্রিয়তা যাচাইয়ের এই প্রতিযোগিতায় প্রতিটি পাড়া-মহল্লা ও অলিগলিতে চলছে নির্বাচনী আমেজ। প্রার্থী ও সমর্থকদের চোখে-মুখে দেখা যাচ্ছে জয়ের প্রত্যাশা ও ব্যস্ততা।
নির্বাচনী জনসভায় ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন,
“ইনশাআল্লাহ, সরাইল ও আশুগঞ্জের মানুষ আমার পাশে আছেন। নির্বাচনে জয়ী হওয়ার ব্যাপারে আমি আশাবাদী। তবে আমাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকির মুখে পড়তে হচ্ছে, পাশাপাশি কুরুচিপূর্ণ মন্তব্যও করা হচ্ছে।
তিনি আরও বলেন,
“আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক এলাকার ভোটাররা আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করবেন বলে আমি বিশ্বাস করি। নির্বাচিত হলে এলাকার অসমাপ্ত উন্নয়ন কাজগুলো সম্পন্ন করবো—ইনশাআল্লাহ।
