মোঃ নাহিদ ইসলাম (জয়) ক্রাইম রিপোর্টার নাটোরঃ
নাটোরের গুরুদাসপুর উপজেলার রশিদপুর বাজার এলাকায় নকল আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে এলাকাবাসীর মধ্যে ভীতি সৃষ্টির অভিযোগে এক যুবককে আটক করেছে সেনা সদস্য ও পুলিশের যৌথ দল।
আজ শুক্রবার বিকেল আনুমানিক ৫টার দিকে রশিদপুর বাজার এলাকায় আলমগীর হোসেন (মৃত আব্দুল কুদ্দুসের ছেলে) নামের ওই ব্যক্তি প্রতিবেশীদের সঙ্গে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝগড়ায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি স্থানীয় লোকজনকে ভয় দেখানোর উদ্দেশ্যে একটি অস্ত্র বের করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে গুরুদাসপুর সেনা ক্যাম্পের সদস্যরা দ্রুত একটি পুলিশ দল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। পরে অভিযান চালিয়ে আলমগীর হোসেনকে একটি রেপ্লিকা পিস্তল ও একটি দেশীয় অস্ত্রসহ হাতেনাতে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে নকল অস্ত্র ব্যবহার করে গ্রামবাসীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করতেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় আগে থেকেই চাপা ক্ষোভ বিরাজ করছিল।
গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অভিযুক্তকে অধিকতর তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
