মোঃ রাসেল আহমেদ, মদন (নেত্রকোণা) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নেত্রকোণা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুড়ী) আসনের বিএনপি মনোনীত প্রার্থীর এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় মদন উপজেলার জাহাঙ্গীরপুর তহুরা আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে ধানের শীষ প্রতীকের প্রার্থী জনাব লুৎফুজ্জামান বাবরের আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মদন উপজেলা শাখার সভাপতি মোঃ নুরুল আলম তালুকদার। পরিচালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব রফিকুল ইসলাম আকন্দ এবং সঞ্চালনায় ছিলেন মদন পৌর বিএনপির সভাপতি জনাব কামরুজ্জামান চন্দন।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মনোনীত প্রার্থী জনাব লুৎফুজ্জামান বাবর বলেন, বিএনপি করে অন্য কোনো দলের এজেন্ট হয়ে কাজ করা যাবে না। দলের নাম ভাঙিয়ে কেউ অপকর্মে জড়ালে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, ধানের শীষ আল্লাহর রহমতের প্রতীক। মানুষ চাইলে বিভিন্ন প্রতীক তৈরি করতে পারে, কিন্তু ধানের শীষ সৃষ্টি মানুষের পক্ষে সম্ভব নয়। আল্লাহর ইচ্ছা ছাড়া একটি ধানও জন্মায় না। তাই ধানের শীষ রহমতের প্রতীক। এ সময় তিনি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য নেতাকর্মী ও সাধারণ ভোটারদের প্রতি আহ্বান জানান।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা বিএনপির সাবেক ১নং জয়েন্ট সেক্রেটারি ও যুবদল নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনি। এছাড়া উপস্থিত ছিলেন যুবদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতী দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক এবং স্থানীয় সাংবাদিকরা।
