আরমান হোসেন রাজু
লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলায় র্যাব-১৩-এর মাদকবিরোধী অভিযানে মোটরসাইকেলে অভিনব কায়দায় লুকানো বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ সময় এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
র্যাব সূত্র জানায়, ‘বাংলাদেশ আমার অহংকার’—এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মাদকমুক্ত সমাজ গড়তে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ইংরেজি ৪ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিঃ সকাল ৯টা ৩৫ মিনিটে র্যাব-১৩, সদর কোম্পানি, রংপুরের একটি আভিযানিক দল লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানাধীন কাকিনা ইউনিয়নের দক্ষিণ গোপাল রায় গ্রামে লালমনিরহাট–রংপুরগামী পাকা সড়কে একটি চেকপোস্ট স্থাপন করে।
চেকপোস্টে তল্লাশিকালে একটি মোটরসাইকেলের তেলের ট্যাংকি ও সিটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১০০ বোতল এস্কাফ (ESKuf) এবং ১০০ বোতল ফেয়ারডিল (Fairdyl) উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেলসহ শরিফুল ইসলাম (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শরিফুল ইসলাম লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার ভেলাগুড়ি এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত মতিয়ার রহমান।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদক সংগ্রহ করে অভিনব কৌশলে রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে আসছিল।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত আলামতসহ তাকে লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব আরও জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
