✍️ রওশন বাবু
রংপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়ের দিকনির্দেশনায় কোতয়ালী থানার একটি চৌকস টিম রাজধানী ঢাকার মোহাম্মদপুর থানা পুলিশের সহযোগিতায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি গুরুত্বপূর্ণ মামলার এজাহারনামীয় আসামিকে গ্রেফতার এবং অপহৃত নাবালিকা ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়েছে।
কোতয়ালী থানার মামলা নং- ০৩, তারিখ- ০৩/০২/২০২৬ খ্রিঃ, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী অধ্যাদেশ/২০২৫) এর ৭/৩০ অনুযায়ী এজাহারনামীয় ১নং আসামি মোঃ আহসান হাবিব রমিও (৩৩), পিতা- মোঃ রাশেদুল ইসলাম, সাং- দক্ষিণগঞ্জ, থানা- কোতয়ালী মেট্রো, রংপুর মহানগরকে গত ০৫/০২/২০২৬ খ্রিঃ রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে ঢাকার বসিলা গার্ডেন সিটির একটি ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়। একই সময় ভিকটিম নাবালিকাকে নিরাপদে উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেফতারকৃত আসামি বিবাহিত হওয়া সত্ত্বেও ভিকটিমকে বিবাহের প্রলোভনে ফুসলিয়ে দীর্ঘদিন ধরে তার শিক্ষা ও স্বাভাবিক জীবনযাত্রায় মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছিল। গত ০২/০২/২০২৬ খ্রিঃ সকালে ভিকটিম নিখোঁজ হলে তার পরিবার কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরবর্তীতে তদন্ত ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে অপহরণের ঘটনা নিশ্চিত হয়।
গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিকে জেল হাজতে প্রেরণের আবেদন করা হয়েছে।
