রাবি হাসনাত ইমন,কানাইঘাট (সিলেট) প্রতিনিধি:
কানাইঘাট থানাধীন মুক্তাপুর গ্রামের যুবক ইসমাইল আহমদ (১৯) হত্যাকাণ্ডে জড়িত মূল আসামিসহ মোট তিনজনকে মামলা রুজুর মাত্র ১২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে কানাইঘাট থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সহকারী পুলিশ সুপার (কানাইঘাট সার্কেল) সালমান নূর আলম মহোদয়ের দিকনির্দেশনায় এবং কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) সোহাগ চৌধুরী, এসআই (নিঃ) শাহ আলম, এএসআই (নিঃ) রাসেল মিয়া ও সঙ্গীয় ফোর্স নিয়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
ঘটনার সূত্রপাত হয় মুক্তাপুর গ্রামের বাড়ির সীমানায় মাটি ফেলা নিয়ে বিরোধকে কেন্দ্র করে। এতে ভিকটিম ইসমাইল আহমদ (১৯), পিতা—মোঃ হারিছ উদ্দিন, সাং—মুক্তাপুর, থানা—কানাইঘাট, জেলা—সিলেটকে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়।
ঘটনার পরপরই হত্যাকারীদের গ্রেফতারে তৎপর হয় কানাইঘাট থানা পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলা নং–০২, তারিখ–০৫/০২/২০২৬ ইং, ধারা–৩২৪/৩২৬/৩০৭/৩০২/১১৪/৫০৬/৩৪ পেনাল কোড (হত্যা মামলা)-এর এজাহারনামীয় আসামিদের ওসমানীনগর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— ইসলাম উদ্দিন (২২), লোকমান হোসাইন (২৫) (উভয়ের পিতা—জয়নাল আবেদীন) এবং জয়নাল আবেদীন (৫৫), পিতা—মৃত ইয়াকুব আলী। তারা সকলেই মুক্তাপুর গ্রামের বাসিন্দা।
গ্রেফতারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ ৫ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখ যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
