মোঃ রাসেল আহমেদ, নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনার মদন উপজেলার ফতেপুর সৈয়দ আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি সালা উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার বেদবতী মিস্ত্রী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল বারী, মদন থানার অফিসার ইনচার্জ মোঃ হাসনাত জামান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সামিউল হায়দার শফি, একাডেমিক সুপারভাইজার জোসনা আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীদের নাচ, গান, কবিতা আবৃত্তি ও বিভিন্ন পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
বক্তারা বলেন, সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও নেতৃত্বগুণ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
