মোঃ রাসেল আহমেদ,নেত্রকোনা প্রতিনিধিঃ
বৈষম্যহীন ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশসহ সাত দফা দাবিতে নেত্রকোনার মদনে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মদন উপজেলা পরিষদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে কর্মবিরতি দিয়ে এ অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির আয়োজন করে সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদ, মদন উপজেলা শাখা।
আন্দোলনরত কর্মচারীরা বলেন, সরকার কর্তৃক গঠিত পে-কমিশনের সুপারিশ অনুযায়ী দ্রুত ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ করতে হবে। একই সঙ্গে ঘোষিত সাত দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
বক্তারা আরও বলেন, বর্তমান বেতন কাঠামো বাজারদর ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। দ্রুত নতুন পে-স্কেল বাস্তবায়ন না হলে কর্মচারীদের জীবনযাপন আরও কঠিন হয়ে পড়বে। দাবি আদায়ে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেওয়া হয়।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই অবস্থান কর্মসূচি ৩ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত পালন করা হচ্ছে।
কর্মসূচিতে উপজেলা প্রশাসন, পিআইও কার্যালয়সহ মদন উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করে সংহতি প্রকাশ করেন। এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম আংশিকভাবে ব্যাহত হয়।
