✍️ রিপোর্টার-নজরুল ইসলাম,পটুয়াখালীঃ
পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া স্যার সলিমুল্লাহ স্কুল অ্যান্ড কলেজ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক বিশাল জনসভার আয়োজন করা হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী–২ (বাউফল) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা জনাব শহিদুল আলম তালুকদার। তিনি তাঁর বক্তব্যে বলেন,
“আমি অতীতেও বাউফলের সাধারণ মানুষের পাশে ছিলাম, আগামীতেও থাকব। আপনাদের পাশে থেকে আবারও বাউফলের উন্নয়নের জন্য কাজ করতে চাই। আমাদের জননেতা তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই।”
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন স্নেহাংশু সরকার কুট্টি। তিনি বলেন,
“গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে এক সাগর রক্তের বিনিময়ে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে রাষ্ট্র গড়ে উঠেছিল, সেই রাষ্ট্রের মালিকানা আজ জনগণের হাতে নেই। বর্তমান কর্তৃত্ববাদী সরকার রাষ্ট্রের কাঠামো ভেঙে চুরমার করে দিয়েছে। এই রাষ্ট্রকে মেরামত ও পুনর্গঠন করতে হলে জনগণের হাতেই দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে। এজন্য একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অপরিহার্য।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মজিবুর রহমান টোটন। তিনি বলেন,
“বিএনপি একটি গণতান্ত্রিক দল। দেশ, মাটি ও মানুষের কল্যাণে বিএনপি সবসময় কাজ করে। বাউফলের মাটি ও মানুষের নেতা সাবেক এমপি শহিদুল আলম তালুকদারকে অতীতের মতো আবারও আপনারা নির্বাচিত করবেন বলে আমরা আশাবাদী। আমরা কথা দিচ্ছি—আগামীর বাউফল হবে উন্নয়নের একটি রোল মডেল।”
এছাড়াও জনসভায় উপস্থিত ছিলেন জনাবা সালমা আলম লিলি, জনাব তসলিম তালুকদার, জনাব আপেল মাহমুদ ফিরোজ, জনাব মোঃ শাহজাহান হাওলাদার, জনাব ইঞ্জিনিয়ার মোঃ শাহ আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আরও উপস্থিত ছিলেন ৬নং কনকদিয়া ইউনিয়নের রাজপথের ত্যাগী নেতা মোঃ ফোরকান মাস্টার, ৬নং কনকদিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, বিএনপির ত্যাগী নেতা মোঃ ফিরোজ ইন্দুকুলসহ ছাত্রদল, যুবদল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
