আরমান হোসেন রাজু
লালমনিরহাট-১ আসনে নির্বাচনী প্রচার-প্রচারণাকে কেন্দ্র করে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় দলের অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।
রোববার (২৫ জানুয়ারি) দুপুরে হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের কাসাইটাড়ি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনী প্রচারণা চলাকালে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয়পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ করা হয় এবং কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। সংঘর্ষের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সংঘর্ষের জন্য বিএনপি ও জামায়াত—উভয় পক্ষই একে অপরকে দায়ী করছে।
ঘটনার খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছান জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এইচ এম রকিব হায়দার, পুলিশ সুপার মো. আসাদুজ্জামানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।
এ ঘটনায় আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
