মোঃ আবু সাইদ শওকত আলী ,
খুলনা বিভাগীয় প্রধানঃ
ঝিনাইদহের শৈলকুপার কৃতি সন্তান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্রদলের একসময়ের তুখোড় নেতা এবং মানিকগঞ্জ জেলার সিংগাইড় উপজেলার সাব-রেজিস্ট্রার মামুন বাবর মিরোজ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার রাতে
দীর্ঘ লড়াই শেষে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পরিবার সূত্রে জানা গেছে, মামুন বাবর মিরোজ বেশ কিছুদিন ধরে গুরুতর অসুস্থ ছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন থাকলেও শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে না ফেরার দেশে চলে গেলেন এই মেধাবী কর্মকর্তা।
শৈলকুপার এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেওয়া মিরোজ ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের একজন বলিষ্ঠ ও জনপ্রিয় নেতা। ছাত্ররাজনীতি শেষে তিনি সরকারি চাকুরিতে যোগদান করেন এবং বর্তমানে মানিকগঞ্জের সিংগাইড় উপজেলায় সাব-রেজিস্ট্রার হিসেবে অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছিলেন।
তিনি শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন বাবর ফিরোজের ছোট ভাই। তার মৃত্যুতে ফিরোজের পরিবারসহ স্থানীয় রাজনৈতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
তার মৃত্যুর খবর ঝিনাইদহ ও মানিকগঞ্জে পৌঁছালে সহকর্মী, বন্ধুবান্ধব এবং রাজনৈতিক সহযোদ্ধাদের মধ্যে শোকের মাতম শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকেই তার সাথে কাটানো স্মৃতি শেয়ার করে গভীর শোক প্রকাশ করছেন। একজন সৎ কর্মকর্তা এবং রাজপথের লড়াকু সৈনিক হিসেবে মিরোজের অকাল চলে যাওয়াকে বড় অপূরণীয় ক্ষতি হিসেবে দেখছেন সবাই।
পারিবারিক সূত্রে জানানো হয়েছে, মরহুমের জানাজা ও দাফনের সময়সূচী দ্রুতই স্বজনদের মাঝে জানিয়ে দেওয়া হবে। তাকে তার নিজ জন্মভূমি শৈলকুপায় শেষ বিদায় জানানো হতে পারে। মামুন বাবর মিরোজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
