উত্তরা প্রতিনিধি :
রাজধানীর উত্তরা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত এক ছাত্র হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মাসুদ পারভেজ দীর্ঘদিন ধরে প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাকে এখনো গ্রেফতার না করায় জনমনে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, উত্তরা পশ্চিম থানায় দায়েরকৃত হত্যা মামলা নম্বর-৭৮-এ মাসুদ পারভেজ একজন এজাহারনামীয় আসামি। মামলার অভিযোগ থাকা সত্ত্বেও তাকে গ্রেফতার না করায় স্থানীয় সাধারণ মানুষ ও সাংবাদিক মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাসুদ পারভেজ নিয়মিতভাবে উত্তরার বিভিন্ন এলাকায় প্রকাশ্যে চলাফেরা করছে। একাধিকবার তাকে জনসমক্ষে দেখা গেলেও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। এতে করে প্রশ্ন উঠেছে—একজন এজাহারভুক্ত হত্যাকারী আসামি কীভাবে প্রশাসনের নাকের ডগায় ঘুরে বেড়াতে পারে?
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা বলেন, “একজন হত্যা মামলার আসামি যদি প্রকাশ্যে ঘোরাফেরা করে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এতে আইন ও বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা নষ্ট হচ্ছে।”
সাংবাদিক মহলেও বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই মনে করছেন, আসামিকে গ্রেফতার না করার পেছনে কোনো অদৃশ্য শক্তি বা প্রশাসনিক গাফিলতি রয়েছে কিনা—তা খতিয়ে দেখা জরুরি।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার দায়িত্বশীল কর্মকর্তাদের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
সচেতন মহলের দাবি, দ্রুত সময়ের মধ্যে মামলার এজাহারভুক্ত আসামি মাসুদ পারভেজকে গ্রেফতার করে আইনের আওতায় আনা না হলে জনমনে ক্ষোভ আরও বাড়বে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।
