মোঃ রাসেল আহমেদ
নেত্রকোণা প্রতিনিধিঃ
নেত্রকোণা জেলা পুলিশের কর্মদক্ষতা ও শৃঙ্খলা বজায় রাখার ধারাবাহিকতায় কনস্টেবল থেকে এএসআই (নিঃ) পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে।
অদ্য ১৮ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে নেত্রকোণা পুলিশ সুপারের কার্যালয়ের অফিস কক্ষে আয়োজিত এক অনাড়ম্বর কিন্তু গৌরবময় অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন নেত্রকোণা জেলার পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম মহোদয়।
র্যাংক ব্যাজ পরিধান শেষে পুলিশ সুপার মহোদয় পদোন্নতিপ্রাপ্ত সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, পদোন্নতি শুধু সম্মান নয়, বরং দায়িত্ব ও জবাবদিহিতা আরও বেড়ে যাওয়ার নাম। নবনিযুক্ত পদে দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব, সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। একই সঙ্গে জনগণের জানমাল রক্ষা, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং পুলিশ বাহিনীর সুনাম অক্ষুণ্ণ রাখতে সর্বোচ্চ আন্তরিকতা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
পুলিশ সুপার আরও বলেন, পুলিশ বাহিনী জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতীক। তাই দায়িত্ব পালনের প্রতিটি ক্ষেত্রে মানবিকতা, ন্যায়বিচার ও আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে হবে। কোনো অবস্থাতেই শৃঙ্খলার ব্যত্যয় ঘটানো যাবে না।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব রেজওয়ান আহমেদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নেত্রকোণা। এছাড়াও জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত থেকে পদোন্নতিপ্রাপ্ত সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
অনুষ্ঠান শেষে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যরা তাদের ওপর অর্পিত নতুন দায়িত্ব নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
