আরমান হোসেন রাজু
জেলা প্রতিনিধি, লালমনিরহাটঃ
লালমনিরহাট জেলা পুলিশের আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি ২০২৬) জেলা পুলিশ লাইন্সে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলার পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লালমনিরহাট জনাব মোঃ শাহাদত হোসেন সুমা, বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) জনাব এ কে এম ফজলুল হক, সহকারী পুলিশ সুপার (এ-সার্কেল) জনাব জয়ন্ত কুমার সেনসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ এবং জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
অপরাধ পর্যালোচনা সভায় আসন্ন নির্বাচনকে সামনে রেখে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার, সীমান্ত এলাকায় চোরাচালান রোধ, অবৈধ অস্ত্র উদ্ধার, গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি, ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার কার্যক্রম পর্যালোচনা করা হয়।
সভায় পুলিশ সুপার নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে জেলা পুলিশের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। একই সঙ্গে অপরাধ দমনে নিয়মিত অভিযান জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
