মোঃ আবু সাইদ শওকত আলী
খুলনা বিভাগীয় প্রধানঃ
ঝিনাইদহে জমজমাট আয়োজন হয়ে গেলো পৌষ-পার্বন উৎসব। শনিবার সকালে শহরের মর্নিংবেল চিলড্রেন একাডেমীতে এ উৎসবের আয়োজন করা হয়। বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন স্টলে প্রর্দশন করা হয় ধোয়া ওঠা ভাপা পিঠা, রসের পায়েস, ভেজানো পেঠা, সেমাই পিঠা, ভাপা, মুড়ি, মোয়া, মুড়কি খইসহ বাঙালি ঐতিহ্যের নানা পিঠা পায়েস। আর এসব পিঠা পায়েসের স্বাদ নিতে সেখানে ভীড় করে শিশু থেকে শুরু করে নানা শ্রেণী পেশার মানুষ। শুধু শিক্ষার্থীরাই নয়, তাদের অভিভাবক ও নানা শ্রেণী-পেশার মানুষ এসব পিঠা-পায়েসের স্বাদ গ্রহণ করেন। শহুরে যান্ত্রিক জীবনের ব্যস্ততার মাঝে এমন ঐতিহ্যবাহী আয়োজন পেয়ে খুশি অভিভাবক ও স্থানীয়রা। আর বাঙালি ঐতিহ্যকে ধরে রাখা এবং বর্তমান প্রজন্মের সামনে তা নতুন করে পরিচয় করিয়ে দিতেই এই আয়োজন বলে জানায় আয়োজকরা।
