রিপোর্টার-মাইনুল ইসলাম ইমন
গাজীপুরের টঙ্গী থেকে বিদেশি পিস্তলসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১১ জানুয়ারি) মধ্যরাতে টঙ্গী পূর্ব থানার পুলিশ অভিযান চালিয়ে আরিচপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে আব্দুল্লাহ আল মামুন ওরফে রতন (৩০) নামে তাকে আটক করে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত মামুনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল এবং ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। বিষয়টি একই দিন দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের উপ পুলিশ কমিশনার মহিউদ্দিন আহমেদ সংবাদ সম্মেলনের মাধ্যমে নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেফতারকৃত ব্যক্তি একটি বড় অপরাধমূলক চক্রের সঙ্গে যুক্ত থাকার সন্দেহ রয়েছে।
মামুন লালমনিরহাট জেলার সদরের খোটামারা গ্রামের মৃত আবেদ আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে গাজীপুরে বসবাস করছিলেন এবং মরকুন পশ্চিমপাড়া এলাকার মিরার বাড়িতে ভাড়া থাকতেন।
পুলিশের অনুসন্ধানে জানা গেছে, টঙ্গী পূর্ব থানার উপ পরিদর্শক তুহিন মিয়া ও সহকারী উপ পরিদর্শক রুহুল আমিনের নেতৃত্বে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে মামুনকে গ্রেফতার করার পর তার দেয়া তথ্যের ভিত্তিতে পূর্ব আরিচপুর এলাকায় সাবেক কাউন্সিলর শাহ আলম রিপনের বাড়ীর ভাড়াটিয়া সুজনের কক্ষে তল্লাশি চালিয়ে পিস্তল উদ্ধার করা হয়।
উপ পুলিশ কমিশনার মহিউদ্দিন আহমেদ বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে কার্যকর অভিযান পরিচালনা করেছি। গ্রেফতারকৃত মামুনের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে প্রেরণ করা হয়েছে।
