মোঃ আবু সাইদ শওকত আলী ,
খুলনা বিভাগীয় প্রধানঃ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বিজুলিয়ায় বৃহস্পতিবার বেলা তিনটায় আর্তমানবতার সেবায় এক ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করেছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন “সেবক” ফাউন্ডেশন। ‘সেবা, শান্তি ও প্রগতি’—এই মূলমন্ত্রকে সামনে রেখে আজ স্থানীয় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং ২০২৬ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তি প্রদান উৎসব অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় ঈদগাহ মাঠ প্রাঙ্গণে আয়োজিত এই উৎসবে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। “আমরা মানুষ, আমরা চির উৎকৃষ্ট; সেবা দিয়ে হবো মোরা সর্বোৎকৃষ্ট”—এই স্লোগানকে ধারণ করে সংগঠনটি তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে।
প্রচণ্ড শীতের প্রকোপ থেকে অসহায় ও দুঃস্থ মানুষকে রক্ষা করতে সংগঠনের পক্ষ থেকে উন্নত মানের কম্বল ও শীতবস্ত্র তুলে দেওয়া হয়। এছাড়াও আসন্ন এস.এস.সি পরীক্ষায় অংশগ্রহণকারী মেধাবী অথচ আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনার পথ সুগম করতে নগদ শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “সেবক” ফাউন্ডেশনের এই উদ্যোগ প্রশংসনীয়। কেবল নিজেদের জন্য নয়, বরং অন্যের জন্য বাঁচার যে আদর্শ সংগঠনটি ধারণ করছে, তা সমাজের অন্যান্য বিত্তবানদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে।
উল্লেখ্য, লোগোতে থাকা তাদের মূলনীতি “আমরা আমাদের নই, আমরা অন্যের; আমরা নিজেদের নই, আমরা সকলের”—এই দর্শনকে বাস্তব রূপ দিতেই তারা এমন মানবিক কর্মসূচি হাতে নিয়েছে। আয়োজকদের পক্ষ থেকে সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের এই মহতী উৎসবে অংশিজন হওয়ার এবং সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
