মোঃ রাসেল আহমেদ(নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় সরকারি হালট নিয়ে বিরোধকে কেন্দ্র করে টানা দুই দিনের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৪২ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত ১৫ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) সকাল আনুমানিক ৮টার দিকে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার মধ্যে উপজেলার চিরাং ইউনিয়নের বাট্টা গ্রামে দ্বিতীয় দিনের মতো এই সংঘর্ষের ঘটনা ঘটে। বাট্টা গ্রামের কাচারী রোড ও চিরাং রোড থেকে নির্মাণাধীন সড়ক এলাকায় এ সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষের দ্বিতীয় দিনে আবারও অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এর আগে মঙ্গলবার (৬ জানুয়ারি) একই বিরোধকে কেন্দ্র করে প্রথম দিনের সংঘর্ষে ২৭ জন আহত হন। তাদের মধ্যে ১৪ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
প্রথম দিনের ঘটনার রেশ কাটতে না কাটতেই বুধবার সকালে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সুসজ্জিত হয়ে পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে এলাকায় ব্যাপক উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
