মোঃ জানে আলম রনি,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ কেজি ৫০০ গ্রাম (দেড় কেজি) গাঁজাসহ হাসি (২৫) নামের এক নারী মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার (৩ জানুয়ারি ২০২৬) সকাল ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন কোড্ডা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত হাসি ঢাকার মিরপুর মডেল থানার মিরপুর-০২ এলাকার (লাভ রোড, সনি হলের পিছনে) মো. ইব্রাহিমের স্ত্রী। তিনি ওই এলাকার জোনাইদের বাড়ির ভাড়াটিয়া। তার বাবার নাম মো. রইছ উদ্দিন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে সদর থানাধীন কোড্ডা পূর্বপাড়া থেকে দক্ষিণ পাড়া সংযুক্ত রাস্তার সাইন বোর্ডের পাশে সুলতানপুর রাস্তার ওপর একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে সকাল ১০টা থেকে ১০:৪০ মিনিটের মধ্যে হাসিকে আটক করা হয় এবং তার কাছ থেকে ১.৫০০ (এক কেজি পাঁচশত গ্রাম) গাঁজা জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জনাব শাহাদত হোসেন বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটককৃত আসামির বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
