আরমান হোসেন রাজু,জেলা প্রতিনিধি লালমনিরহাটঃ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সাবেক যুবদল নেতা এ.এস.এম শামসুজ্জামান সেলিমকে পাঁচটি মামলায় সাজাপ্রাপ্তসহ মোট ২৩টি ওয়ারেন্টে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৯ ডিসেম্বর) সকালে তাকে লালমনিরহাট আদালতে সোপর্দ করা হয়। এর আগে রোববার মধ্যরাতে রংপুর জেলার হাজিরহাট থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত এ.এস.এম শামসুজ্জামান সেলিম হাতীবান্ধা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। তিনি হাতীবান্ধা উপজেলার সিংগীমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামের মৃত শওকত হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাবেক এই যুবদল নেতা বিভিন্ন ব্যক্তির কাছ থেকে চেক ও স্ট্যাম্পের মাধ্যমে অর্থ লেনদেন করেন। পরবর্তীতে নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ায় ভুক্তভোগীরা তার বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের করেন। এভাবে তার বিরুদ্ধে মোট ২৩টি মামলা দায়ের হয়।
এর মধ্যে পাঁচটি মামলায় আদালত বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। দীর্ঘদিন পলাতক থাকায় সাজাপ্রাপ্তসহ সব মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি ওয়ারেন্ট জারি করেন।
পুলিশ জানায়, পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
