মাইনুল ইসলাম ইমন,রিপোর্টার:
গাজীপুর মহানগরীর গাছা থানার ৩৮ নং ওয়ার্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন এবং ২৪ রাউন্ড তাজা গুলিসহ মোসলেম উদ্দিন মিয়া ওরফে ‘মিয়া কসাই’ (৪০) নামে এক চিহ্নিত অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে গাছা থানায় আয়োজিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান জিএমপি দক্ষিণ ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার।
এর আগে সোমবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ১০টার দিকে গাজীপুর মহানগরীর গাছা থানাধীন দক্ষিণ খাইলকুর পূর্বপাড়া এলাকার বগারটেক চায়না ফ্যাক্টরি গলির একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মনিরুজ্জামানের নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ খাইলকুর এলাকার জনৈক তাহেরের বাড়িতে অভিযান পরিচালনা করে। পরে উক্ত বাড়ির ভাড়াটিয়া মোসলেম উদ্দিন মিয়ার কক্ষে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামতসমূহ:
০১টি ৭.৬৫ এমএম (7.65 MM) বিদেশি পিস্তল
০১টি ৯ এমএম (9 MM) বিদেশি পিস্তল
০৪টি ম্যাগাজিন
২৪ রাউন্ড তাজা গুলি
গ্রেপ্তারকৃত মোসলেম উদ্দিন মিয়া ঢাকা মহানগরীর হাতিরঝিল থানার মগবাজার নয়াটোলা (২০৬ নম্বর বাসা) এলাকার মৃত জালাল মিয়ার ছেলে। পুলিশ জানায়, তিনি এলাকায় ‘মিয়া কসাই’ নামে পরিচিত।
তার বিরুদ্ধে পূর্বে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য—
১. ডিএমপি হাতিরঝিল থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা।
২. ডিএমপি শাহজাহানপুর থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনে একটি মামলা।
এ ঘটনায় গাছা থানায় পুলিশ বাদী হয়ে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯-এ (19-A) ধারায় একটি মামলা দায়ের করেছে (মামলা নং-৩২, তারিখ: ৩০/১২/২০২৫)। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।
